প্রাইভেট শিক্ষার স্বীকৃতি ও সমন্বিত উদ্যোগ জরুরি : ভিসি ড. আব্দুর রব
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টঙ্গীর তিস্তা গেট ইউনাইটেড মডেল একাডেমি মিলনায়তনে গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রব বলেন, প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা এখনো প্রয়োজনীয় স্বীকৃতি ও সহায়তা থেকে বঞ্চিত। তিনি বলেন, পাবলিক ও প্রাইভেট শিক্ষার মধ্যে কোনো বিভাজন নয়; বরং সমন্বিত উদ্যোগই জাতি গঠনের জন্য অপরিহার্য।
গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পূর্ব থানার সভাপতি মো: আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপ-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সভাপতি ও টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান, শামীম আহমদ, মো: নাসির উদ্দিন, মো: মোসলেহ উদ্দীন রাজীব, মো: মতিউর রহমান, মো: মোতাহার হোসেন প্রমুখ।