আন্দোলনের হুঁশিয়ারি ডাকসু ভিপির
হাদির হামলাকারীকে গ্রেফতার না করতে পারলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারসহ তিন দাবি অনতিবিলম্বে মানা না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডাকসু ভিপি বলেন, ওসমান হাদির ওপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার, গোয়েন্দা সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাদের গ্রেফতারের মতো তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নেয়া হবে।
এ সময় ডাকসুর পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো : ১) ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সাথে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে এ হামলাকে সমর্থন ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তোলায় জড়িত ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে বয়কট করতে হবে। ২) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান চালাতে হবে। সংগঠনটির সব স্তরের সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করতে হবে। ৩) ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। একই সাথে অভিযুক্তদের আশ্রয় দেয়ার প্রতিবাদে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
দাবিগুলো বাস্তবায়ন না হলে এবং আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন সাদিক কায়েম।
এর আগে ডাকসু ভিপির নেতৃত্বে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেন। হাইকোর্ট এলাকায় পুলিশ প্রথমে তাদের মিছিল আটকানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রম করে সচিবালয়ে প্রবেশ করেন। একই সময়ে বিভিন্ন হল থেকে আরো শিক্ষার্থী ডাকসু ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।
পরে দুপুর ২টায় সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সাথে বৈঠকে বসেন। বৈঠকে শিক্ষার্থীরা তিন দফা দাবির তাৎক্ষণিক বাস্তবায়নের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবি জানান।