তফসিল ঘোষণায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
Printed Edition
বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণার পর প্রধান উপদেষ্টা এ শুভেচ্ছা জানান বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এ তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে- এ নির্বাচন ও গণভোট সে পথরেখাকে দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরো সুসংহত করবে।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।’
দেশের রাজনৈতিক সব দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সর্বোপরি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ আমাদের সামনের দিনগুলোকে আরো স্থিতিশীল করবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সফল হবো এ আমার দৃঢ় বিশ্বাস।’
এর আগে তফসিল ঘোষণায় সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিলের শুনানি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ বলেও ঘোষণায় জানানো হয়।
এতে আরো বলা হয়, ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে।
লাইব্রেরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা করেছে : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জ্ঞান ও উদ্ভাবনের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি গ্রন্থাগার ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
১২ ও ১৩ ডিসেম্বর ‘বাংলাদেশ গ্রন্থাগার সমিতির (ল্যাব) ৭০ বছর পূর্তি’ উদযাপন উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, তথ্য সংগঠন, জ্ঞান সংরক্ষণ, তথ্য পুনরুদ্ধার এবং ব্যবহার-সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সঠিক এবং ইতিবাচক প্রয়োগ লাইব্রেরিগুলোকে আরো আধুনিক, দক্ষ এবং ব্যবহারকারী-বান্ধব করে তুলতে পারে।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ গ্রন্থাগার সমিতির (ল্যাব) ৭০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ১২ ও ১৩ ডিসেম্বর ‘ল্যাব ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিইমাজিনিং লাইব্রেরিয়ানশিপ : ফরজিং দ্য ফিউচার উইথ অল টেকনোলজিস’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে জেনে আমি আনন্দিত।’ তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) একটি প্রাসঙ্গিক ও সময়োপযোগী উদ্যোগ নিয়েছে, যা দেশের লাইব্রেরি পেশাজীবীদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের গবেষক ও বিশেষজ্ঞদের একত্র করছে।
ল্যাব গত সাত দশক ধরে দেশের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পেশার উন্নয়নে যে নিরলস ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর এবং মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে এই সম্মেলন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশ গ্রন্থাগার সমিতি আয়োজিত সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।
বিদায়ী দুই উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ
বাসস জানায়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে বিদায়ী দুই উপদেষ্টা মো: মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
প্রধান উপদেষ্টা সভা শেষে তাদের সাথে স্মৃতিচারণমূলক একটি ছবিও তোলেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান উপদেষ্টার কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।
গতকাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই তাদের পদত্যাগ কার্যকর হয়।