ভাঙ্গায় মা-মেয়ে ও নাতনীসহ ৪ জন নিহত

অন্যান্য স্থানে নিহত আরো ৪

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটো রিকশাযাত্রী মা-মেয়ে ও নাতনীসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো চারজন।

ফরিদপুর প্রতিনিধি ও ভাঙ্গা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের তিনজনসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই নারী, এক শিশু ও একজন অজ্ঞাত ব্যক্তি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশুসহ আরো তিনজন। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার পূর্ব সদরদী গ্রামের একই পরিবারের আবদুর রহমান শিকদারের স্ত্রী নূরনাহার (৫০), তার মেয়ে রিমু আক্তার (২২) এবং তার শিশু পুত্র আয়ান (৩)। বাকি নিহত অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মাইজভাণ্ডার দরবার শরিফ জেয়ারত করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো: জয়নুল আবেদীন নয়ন (২৬) নামে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গী মোহাম্মদ রবিন নামে একজন। তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ ডিসেম্বর সকালে উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নুল আবেদীন নয়ন পটিয়ার আশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাথুয়া পাড়ার মুজিবুর রহমানের ছেলে বলে জানা গেছে। আসিয়া ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ আহমদ মানিক জানান, নিহত নয়ন ও রুবেল মাইজভাণ্ডার দরবার শরিফ জেয়ারত করে মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। সকালে বাড়ির কাছাকাছি একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। আহত রবিনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম আকবর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন দাসগ্রামের আব্দুস সালেক প্রামাণিকের ছেলে।

চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন জানান, জসিম উদ্দিন ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করতেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মোটরসাইকেলে রূপপুর যাচ্ছিলেন। পথে দাসগ্রাম আকবর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় রুমেজা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার নবীনগর টু রাধিকা সড়কের নারুই সিএনজি স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রুমেজা খাতুন মৃত সুধন মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে রুমেজা খাতুন (৮০) বাড়িতে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

নবীনগর থানার (ওসি) শাহিনুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফরহাদাবাদ এলাকায় শুক্রবার সকালে বেপরোয়া মিনি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বছরের এক শিশুসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত চালক মোহাম্মদ কাউসার আলমের (২৯) বাড়ি নারায়ণহাট ইউনিয়নের নতুন পাড়া গ্রামে। আহতরা হলেন- মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ মুসা, রিফা আক্তার, তার চার বছরের ছেলে ও এক ৬০ বছর বয়সী বৃদ্ধ। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাতারফেরত প্রবাসী তারেককে বিমানবন্দর থেকে বাড়ি আনতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরে চট্টগ্রাম মেডিক্যালে স্থানান্তর করা হয়। পথেই চালক কাউসার মারা যান।

নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই শাহেদ বড়ুয়া জানান, দু’টি গাড়ি জব্দ করা হয়েছে। মিনি ট্রাকচালক পলাতক। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।