দিনাজপুর মেডিক্যালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একাংশের বিরুদ্ধে সন্ধানী মেডিসিন ক্লাবের এক পদস্থ কর্মকর্তাকে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ছাত্রদলের একটি গ্রুপ মেডিসিন ক্লাবের সভাপতি নাহিদ হাসানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার জন্য চাপ দেয়। কিন্তু নাহিদ অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া চিকিৎসক ডা: রুকাইয়া তামান্না ও আরো কয়েকজন শিক্ষার্থী। তাদের উপরেও তখন হামলা চালানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত সহকারী হোস্টেল সুপার ও প্রভাষক ডা: রাসেলের সামনেই এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা দাবি করছেন।

অভিযোগে আরো বলা হয়, ছাত্রদলের আহ্বায়ক ডা: নুরুজ্জামান সরকার ওরফে নূর এবং মাদকাসক্ত বলে অভিহিত সদস্য সচিব আবদুর রাজ্জাক পাভেলের নেতৃত্বে তাদের অনুসারীরা নাহিদ ও ডা: তামান্নার ওপর হামলা চালায়। এ সময় তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়া এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা আরো জানিয়েছেন, সন্ধানী ও মেডিসিন ক্লাব থেকে পদত্যাগ না করলে তাদেরকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে এখনো কোনো মামলা বা লিখিত অভিযোগ জমা পড়েনি।