প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Printed Edition

গত ৭ ডিসেম্বর রোববার দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত ‘পুলিশের উপস্থিতিতে রাস্তার নামে ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ’ শিরোনামে সংবাদটির প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মো: কাউছার আলম সরকার স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, গত রোববার কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর চন্দ্রশেখরদী গ্রামে পুলিশের উপস্থিতিতে রাস্তার নামে ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ শিরোনামে সংবাদটি অসত্য। সংবাদে বলা হয়েছে, পুলিশ নিয়ে আমরা ঘরের বেড়া ভাঙচুর ও বেশ কয়েকটি ফলগাছ কেটেছি এবং শাহজালালের নামে মিথ্যা মামলা দিয়েছি। প্রকৃতপক্ষে শাহজালাল আমাদের ক্রয় করা জায়গার মধ্যে জোর করে বেড়া দিয়ে আমাদের জায়গায় যেতে দিচ্ছে না। সম্প্রতি এ বিষয়ে মীমাংসার জন্য আদালতে আমরা একটি মামলা দায়ের করি। সে সূত্রে পরিস্থিতি দেখার জন্য দাউদকান্দি থানার সাব-ইন্সপেক্টর নাজমুল সাকিবের নেতৃত্বে পুলিশের একটি দল গত শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে। সে ঘটনাকে অতিরঞ্জিত করে পরিবেশন করা হয়।

সংবাদদাতার বক্তব্য : অভিযোগকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবং তার দেয়া কাগজপত্রের ভিত্তিতে সংবাদটি লেখা হয়েছে। সংবাদ লেখার আগে মো: কাউছার আলম সরকারকে মোবাইলে কল করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।