দেবিদ্বারে ডেকে নিয়ে জমি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Printed Edition

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জহিরুল ইসলাম সরকার (৫০) নামে এক জমি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে দেবিদ্বার পৌর এলাকার বালিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের আবদুল আলিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দেবিদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকায় বসবাস জমি কেনাবেচার ব্যবসা করতেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি কেনাবেচার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে বালিবাড়ী গ্রামের মোবারক ও শাহীনসহ কয়েকজন যুবক জহিরুল ইসলামকে বাসা থেকে ডেকে। প্রথমে ভিরাল্লা বাস স্টেশন এলাকায় নিয়ে যায়। সেখানে বিষয়টি সমাধান না হওয়ায় সন্ধ্যায় তাকে মোবারকের গ্রামের বাড়ি বালিবাড়ী নিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে রাত ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। এ সময় লাশ নিয়ে আসা তিনজন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।