ব্যবসায়ী মনির হত্যা মামলায় হাজী সেলিম কারাগারে
Printed Edition
আদালত প্রতিবেদক
ঢাকার চানখাঁরপুল এলাকায় ব্যবসায়ী মো: মনির হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।
তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল হাসান খান পুলক আদালতে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আদালতের আদেশে রিমান্ডে থাকাবস্থায় হাজী সেলিমকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
যেহেতু তিনি বাকপ্রতিবন্ধী, তাই ইশারা ও অঙ্গভঙ্গির মাধ্যমে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তে সহায়ক হবে।
তদন্ত কর্মকর্তা আরো জানান, তার দেয়া তথ্য যাচাই-বাছাই চলছে।
আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। তদন্তের স্বার্থে ভবিষ্যতে আবারো রিমান্ডে নেয়ার প্রয়োজন হতে পারে। তাই বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
গত ২০ অক্টোবর হাজী সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার বিবরণে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিনে চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার সাথে আন্দোলনে যোগ দেন ঝুট ব্যবসায়ী মো: মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনকে নামীয় এবং আরো ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।