হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

Printed Edition

ফেনী অফিস

ফেনী সরকারি কলেজের এক ছাত্রীকে হেনস্তা ও হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার শীলের বিচার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রীসংস্থা। গতকাল সকালে শহরের কুমিল্লা বাসস্টান্ডের সামনে আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা শাখা ছাত্রীসংস্থা এ আয়োজন করে।

এ সময় মাদরাসা শাখার ছাত্রীসংস্থার নেত্রী মাহেরা মুবাররাত ও সুমাইয়া আক্তার বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, ‘আমাদের রাস্তায় নামতে বারবার বাধ্য করা হচ্ছে। আমরা একটা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চেয়েছিলাম। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে, আমাদের হিজাব নিয়ে কটূক্তি করা হচ্ছে। আমরা বিশ্বাস করি হিজাব মুসলিম ধর্মের একটি পরিচয়; কিন্তু বারবার কেন স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে এমন করা হচ্ছে। আমরা চাই ফেনী কলেজ শিক্ষক বিপ্লব কুমারের সর্বোচ্চ শাস্তি হোক এবং আমরা চাই আমাদের আর কোনো বোন যেন এমন কটূক্তির শিকার না হয়।’

এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হলে অভিযোগের সত্যতা মেলে বলে কলেজ প্রশাসন সূত্রে জানা যায়; কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।