রাজপথে মৃত্যুর হানা
সাবেক সেনা সদস্যসহ ৫ জেলায় নিহত ৬
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় নীলফামারীতে এক সাবেক সেনা সদস্যসহ পাঁচ জেলায় ছয়জন নিহত হয়েছেন।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় রাসেল বসুনিয়া নামের সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল ডোমার উপজেলার চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে। এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও দুই সন্তান আহত হন।
স্থানীয়রা জানান, নিহত রাসেল মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে চিলাহাটি থেকে নীলফামারী আসার পথে দুর্ঘটনাস্থলে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার নূরপুর ইউনিয়নের সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনী অফিস জানায়, ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে হেলপার ও পথচারী নিহত হয়েছেন। গত বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকের হেলপার চট্টগ্রামের ভূজপুরের সিকদারখিল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আহসানুল ইসলাম (১৫) ও পথচারী ফেনী সদর উপজেলার মধ্যম কাছাড়ের ছন্দু মিঞার ছেলে মীর হোসেন (৪৫)। দুর্ঘটনায় সুমন নামে একজন গুরতর আহত হয়।
মহিপাল হাইওয়ে পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামগামী ট্রাকটি বেলা ১১টার দিকে মোহাম্মদ আলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে এবং একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ট্রাকের হেলপার আহসানুল ইসলাম ও মীর হোসেনকে মৃত ঘোষণা করা হয়। ভ্যানচালক সুমন হাসপাতালে চিকিৎসাধীন।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা-তালুকদারহাট সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মহাদেব বিশ্বাস (৪০) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহাদেব বিশ্বাস ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি হিসেবে পিরোজপুর ও ভাণ্ডারিয়া এলাকায় দায়িত্ব পালন করতেন।
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের পীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল বিকেল চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, একটি মুরগিবাহী পিকআপ ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ ঝাড়আমবাড়ী-গোপালপুর সড়কের ছিলিমপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নেপেন কুজুর (৫০) ঘটনাস্থলেই নিহত ও যাত্রী ফিলকস কুজুর (৬০) গুরুতর আহত হন। নিহত নেপেন কুজুর মিঠাপুকুর উপজেলার ধলার বাজার এলাকার শিলাস কুজুরের ছেলে।
আহত ফিলকস কুজুরকে মুমূর্ষু অবস্থায় পুলিশের পিকআপ ভ্যানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফিলকস কুজুর উপজেলার খালিশা গ্রামের নুহাশ কুজুরের ছেলে।