বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা যোগ্য নাগরিক উপহার দিচ্ছে : শিক্ষা সচিব

Printed Edition
3rd-2
বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন শিক্ষা সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা জাতিকে যোগ্য নাগরিক উপহার দিচ্ছে। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার গুণগত ফলাফল অত্যন্ত সন্তোষজনক। তিনি বলেন, এ মাদরাসা দেশের অপরাপর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মডেল হতে পারে। বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসায় কাক্সিক্ষত শিক্ষার্থী, কাক্সিক্ষত ফলাফল অর্জনে একদল আন্তরিক ও পেশাদার শিক্ষকমণ্ডলীর নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে চলমান অগ্রযাত্রা ধরে রাখার পাশাপাশি উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করেন।

তিনি গতকাল বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় শিক্ষা উপ-সচিব, জেলা মেজিস্ট্রেট (শিক্ষা), শিক্ষা প্রকৌশল অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলী, মাদরাসার উপাধ্যক্ষ- মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষক মণ্ডলী, গভর্নিং বডির সদস্য কাজী মাওলানা শিহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সচিব নবনির্মিত ছয় তলা ভবনের কার্যক্রম পরিদর্শন করেন এবং মাদরাসার সার্বিক বিষয় পরিদর্শন ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। পরে তিনি মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর (মা.জি.আ) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জোহরের নামাজ শেষে বায়তুশ শরফের কেন্দ্রীয় মসজিদের মুসল্লি ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন ও রাহবারে বায়তুশ শরফের পরিচালনায় বিশেষ মুনাজাতে অংশ নেন। বিজ্ঞপ্তি।