সেন্টমার্টিন বিওপি ও টেকনাফে সি বিচ বিওপি উদ্বোধন

Printed Edition

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ সেন্টমার্টিন বিওপি এবং টেকনাফে নবসৃজিত সি বিচ বিওপি উদ্বোধন করেছেন। বিজিবি মহাপরিচালক গতকাল সেন্টমার্টিন বিওপি উদ্বোধন করেন যেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। দায়িত্বরত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ়করণ এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এই বিওপি নির্মাণ করা হয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরো গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। পরে বিজিবি মহাপরিচালক টেকনাফের লেঙ্গুরবিলে নবনির্মিত সি বিচ বিওপি উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপিতে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। প্রসঙ্গত, টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিল। পরবর্তীতে দ্বীপটির নিরাপত্তা দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকার গুরুত্ব ও নিরাপত্তা বিবেচনায় ৭ এপ্রিল ২০১৯ তারিখে সেন্টমার্টিন দ্বীপে পুনরায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়। বিজ্ঞপ্তি।