বিরোধীদলীয় নেতার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition
first-3
সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিকবদক

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত। বৈঠকে বাংলাদেশে নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকার কথা জানানো হয়। একই সাথে বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরো বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা হয়। একই সাথে প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে তারা মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর । অন্য দিকে সুইডেনের রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি এবং বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন।