ইউরোপের সাথে রাশিয়ার সামরিক চুক্তি বাতিল
Printed Edition
টিআরটি ওয়ার্ল্ড
ইউক্রেনের সাথে সংঘাতের পর সম্পর্ক নিয়ে টানাটানির একপর্যায়ে ইউরোপের বিভিন্ন দেশের সাথে করা দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করেছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করার অনুমোদন দিয়েছে- জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, বুলগেরিয়া, রোমানিয়া, ডেনমার্ক, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, বেলজিয়াম এবং চেক প্রজাতন্ত্র। ইউরোপের ১১টি ইউরোপীয় দেশের সাথে মস্কোর সামরিক সহযোগিতা চুক্তি ছিল। এই চুক্তিগুলো ১৯৯২ থেকে ২০০২ সালের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং শীতল যুদ্ধ পরবর্তী সামরিক-রাজনৈতিক কাঠামোর অংশ ছিল। এই তালিকায় ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের সাথে একটি পারস্পরিক সহায়তা চুক্তিও রয়েছে।
রাশিয়ার সরকারি আইনি পোর্টালে প্রকাশিত আদেশের মাধ্যমে এই চুক্তিগুলোর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, এই পরিকল্পিত চুক্তি বাতিল প্রক্রিয়া এক সময় রাশিয়াকে ইউরোপের সাথে সমন্বিত করার জন্য গড়ে ওঠা নিরাপত্তা সহযোগিতা কাঠামোর ধ্বংসের প্রতীক।