স্পোর্টসে পিআরপি চিকিৎসা এখন বাংলাদেশে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
খেলাধুলার ও ইনজুরি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইনুজরির কারণে অনেক তারকা ক্রীড়াবিদের ক্যারিয়ার শেষ হয়েছে, কারো ক্যারিয়ার বিকশিত হয়নি। বাংলাদেশে ইনজুরি ব্যবস্থাপনা ও ক্রীড়া চিকিৎসা নিয়ে তেমন আলোচনা হয় না। এবার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন বিএসজেএ এবং রেজুভা ওয়েলনেসের যৌথ আয়োজনে বিওএ ডাচ্-বাংলা ব্যাংক মিলনায়তনে হয়ে গেল ‘পিআরপি প্লাস : ক্রীড়া আঘাতে দ্রুত আরোগ্য’ শীর্ষক একটি সেমিনার।
সেমিনারে আলোচকরা পিআরপি (প্লাটিলেট রিচ প্লাজমা) থেরাপির কার্যকারিতা তুলে ধরেন। তারা বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনের উচিত ইনজুরি চিকিৎসার সবচেয়ে আধুনিক কৌশল সম্পর্কে বেশি করে জানা এবং খেলোয়াড় ও ক্রীড়াবিদদেরও এ বিষয়ে অবগত করা।’
রেজুভা ওয়েলনেসের কনসালট্যান্ট ডাক্তার তৌহিদা রহমান ইরিন, অর্থোপেডিকসের সিনিয়র সার্জন অধ্যাপক ডাঃ পারভেজ আহসান, জাতীয় ফুটবল দলের সাবেক ফিজিও ও প্রখ্যাত ক্রীড়া ইনজুরি চিকিৎসক দলিলুর রহমান পিআরপি প্লাসের খুঁটিনাটি উপস্থাপন করেন। পিআরপি নিয়ে বলেন, ‘এটি শরীরের নিজস্ব প্লাটিলেট ব্যবহার করে, তাই পার্শ্বপ্রতিক্রিয়া কম। অস্ত্রোপচারবিহীন ইনজেকশনের মাধ্যমে করা হয়, তাই বড় কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। স্টেরয়েড ইনজেকশনের তুলনায় এটি দীর্ঘমেয়াদি উপশম দিতে পারে। চিকিৎসার জন্য ব্যবহৃত একটি যুগান্তকারী পুনর্জন্মমূলক চিকিৎসা পদ্ধতি।’
জাতীয় ফুটবল কোচ গোলাম রাব্বানি ছোটন, জুলফিকার মাহমুদ মিন্টু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন তাদের অভিজ্ঞতা ও দেশে ক্রীড়াঘাত চিকিৎসার চিত্র তুলে ধরেন।