সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ৪৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত

Printed Edition

পেট্রোবাংলার অন্যতম গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত কোম্পানির ঢাকা লিয়াজোঁ অফিস, পেট্রোসেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

কোম্পানির পরিচালক-পর্ষদের চেয়ারম্যান আবুল মনসুর মো: ফয়েজ উল্লাহ, সাবেক সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো: রেজানুর রহমান। এ ছাড়াও সভায় কোম্পানির অন্যান্য শেয়ারহোল্ডার, পরিচালক পর্ষদের সদস্যরা, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আব্দুল জলিল প্রামাণিক এবং কোম্পানির মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, ওই অর্থবছরে কোম্পানি প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি- কনডেনসেট, পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন, এনজিএল ও এলপিজি- উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিক্রয়ের মাধ্যমে মোট দুই হাজার ৭৪০ দশমিক ৮২ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এ সময় আরো জানানো হয়, আলোচ্য অর্থবছরে কোম্পানি সম্পূরক শুল্ক, মূসক, আয়কর, লভ্যাংশ ও ডিএসএল বাবদ মোট ৮৭৬ দশমিক ৫৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। একই সময়ে কর পরিশোধের পর কোম্পানির করোত্তর মুনাফা দাঁড়িয়েছে ৫৩৮ দশমিক ৫৯ কোটি টাকা।

সভায় কোম্পানির সামগ্রিক উৎপাদন কার্যক্রম, আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের অবদান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।