উলভসের কাছে লজ্জার হার লিভারপুলের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২৪ সালের এপ্রিলে সবশেষ টানা দুই ম্যাচে জয় পেয়েছিল ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায় দুই বছর পর আবার চমক দেখাল দলটি। চলমান লিগে চতুর্থ স্থানে থাকা দল অ্যাস্টন ভিলাকে হারিয়ে মৌসুমে সবচেয়ে কম পয়েন্ট পাওয়ার লজ্জা থেকে রক্ষা পায় তারা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার লিভারপুলের মতো দলকে ২-১ ব্যবধানে হারিয়ে আরো বড় চমক দেখাল পয়েন্ট টেবিলের তলানির দলটি।

লিগে এদিন বার্নলিকে ২-০তে হারিয়েছে এভারটন। বোর্নমাউথের মাঠে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে ব্রেন্টফোর্ড। লিডস ইউনাইটেডের বিপক্ষে তাদেরই মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে স্যান্ডারল্যান্ড।

নিজেদের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে বল পজিশন ও আক্রমণে পিছিয়ে ছিল ওলভারহ্যাম্পটন। তার পরও খেলার ধারার বিপরীতে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৭৮ মিনিটে ওলভসের হয়ে গোলটি করেন রদ্রিগো গোমেজ। অবশ্য সেই এগিয়ে থাকা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ মিনিট পরই মোহাম্মদ সালাহর গোলে সমতায় ফেরে লিভারপুল। ১-১ গোলে যখন ম্যাচটি শেষ হওয়ার পথে, যোগ করা সময়ের খেলা চলছিল। চতুর্থ মিনিটে ওলভারহ্যাম্পটনের হয়ে লিভারপুলের জালে বল পাঠিয়ে চমক দেখালেন আন্দ্রে। আর এই গোলের সুবাদেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।

এই হারে তিন ম্যাচের জয়যাত্রা থেমে গেল লিভারপুলের। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্নে সøটের দল। ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাস্টন ভিলা। ৩০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ২০তম ওলভারহ্যাম্পটন।