ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পের দাবি অতিরঞ্জিত : মার্কিন গোয়েন্দা সংস্থা

Printed Edition

আল আরাবিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান শিগগিরই এমন একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। তবে তথ্যটি মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট দ্বারা সমর্থিত নয়, বরং এটিকে অতিরঞ্জিত বলে মনে হচ্ছে- এমনটাই জানিয়েছেন গোয়েন্দা রিপোর্টের সাথে পরিচিত তিনটি সূত্র। এতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পক্ষে ট্রাম্পের যুক্তির একটি অংশ নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার কংগ্রেসে দেয়া তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প আমেরিকান জনগণের সামনে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে বলেন, তেহরান এমন ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে যা শিগগিরই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে। তবে দু’টি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের একটি অশ্রেণিবদ্ধ মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়নে কোনো পরিবর্তন আসেনি। ওই মূল্যায়নে বলা হয়েছিল, ইরান তাদের বিদ্যমান স্যাটেলাইট উৎক্ষেপণ যান (এসএলভি) থেকে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরি করতে ২০৩৫ সাল পর্যন্ত সময় নিতে পারে। হোয়াইট হাউজ এ বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।