তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্প দ্রুত শুরুর আগ্রহ চীনের

- জ¦ালানি সমস্যা সমাধানে দুই দেশ একসাথে কাজ করবে

Printed Edition
Nagar-3
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্প দ্রুত শুরু করার বিষয়ে আবারো আগ্রহ জানিয়েছে চীন। একই সাথে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেয়ার পাশাপাশি নতুন নতুন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। সেই সাথে বাংলাদেশের জ্বালানি সমস্যা সমাধানে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে চীন। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সৌজন্য সাাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের এ তথ্য জানান

তিনি বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চীন সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি হয়-এমন প্রকল্পগুলোতে চীনের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

তিনি আরো জানান, বৈঠকে অর্থ ও বাণিজ্যসহ দ্বিপীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। নতুন বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা কিভাবে আরো এগিয়ে নেয়া যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

তিস্তা প্রকল্প বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, তিস্তা বাঁধ নির্মাণ নিয়ে আলোচনা হয়েছে এবং এটি নতুন সরকার ও চীনের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর একটি। আমরা দ্রুতই এ প্রকল্পে কাজ শুরু করার বিষয়ে আশাবাদি।

রাষ্ট্রদূত বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর গত তিন সপ্তাহে অন্তত চারটি চীনা কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার (১০ কোটি ডলার) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিনিয়োগের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ছে, ভবিষ্যতে এ প্রবণতা আরো জোরদার হবে।