ওমানের শ্রমমন্ত্রীর সাথে আসিফ নজরুলের আলোচনা : শীঘ্রই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইন মিটিং এ উপদেষ্টা ড. আসিফ নজরুল ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সাথে সাক্ষাৎ করেন। তিনি অনিয়মিত বাংলাদেশী কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

উপদেষ্টা বাংলাদেশী দক্ষ কর্মী যেমন প্রকৌশলী, চিকিৎসক, নার্সরাও যাতে করে ওমানের শ্রমবাজারে প্রবেশ করতে পারে এর জন্যও ওমানের মন্ত্রীর সহযোগিতা চান। পাশাপাশি অদক্ষ, আধা-দক্ষ কর্মী ভিসার ওপর স্থগিতাদেশের পর্যালোচনার অনুরোধ জানান।

ওমানের শ্রমমন্ত্রী জানান বিদ্যমান অনিয়মিত ও আনডকুমেন্টেড প্রবাসী কর্মীদেরকে নিয়মিতকরণের বিষয়টি প্রাধান্য দিয়ে ২০২৩ থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়। তিনি আগামী দু’ মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করার আশ্বাস দেন।

উপদেষ্টা আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, আইনি সংস্কার, কর্মী প্রেরণের পূর্বে দক্ষতা যাচাই, প্রাক-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইনকানুন সম্পর্কে অবহিতকরণসহ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে ওমানের শ্রমমন্ত্রীকে অবহিত করেন।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব করেন। তা ছাড়া, দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার এবং শ্রম সহযোগিতা বৃদ্ধির জন্য ইতোমধ্যে চূড়ান্তকৃত সমঝোতা স্মারকটি স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান।