ময়মনসিংহে জামিননামা ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে মুক্তি
Printed Edition
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের জামিন আদেশ ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে এক ডেপুটি জেলার বিরুদ্ধে। এমন ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা নাকি ইচ্ছেকৃত তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি মুক্তিলাভ করে। এরা তারাকান্দা থানার একটি হত্যামামলা আসামি। ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো: আমিনুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে জানান, কারাগারের এক কর্মকর্তা ভুল করে তিন আসামিকে মুক্তি দিয়েছেন। তারা হলেন- আনিসুল ইসলাম, জাকিরুল ইসলাম ও রাশেদুল ইসলাম। এটি ভুল করে দিয়েছেন নাকি ইচ্ছাকৃত তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। এর আগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ সাংবাদিকদের জানান, ভুল করে অসতর্ক অবস্থায় তিন আসামিকে মুক্তি দিয়েছেন তিনি। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলামের সাংবাদিকদের জানান, ওই তিনজন একটি হত্যামামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ‘ভুল’ করে জামিননামা ভেবে ওই তিন আসামিকে ছেড়ে দেয়া হয়েছে। যেসব কর্মকর্তা এ ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, আসামিরা তারাকান্দা উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। তারা তিনজনই সহোদর ভাই। জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় একজন নিহত হয়। সেই হত্যামামলার আসামি ছিলেন তিন সহোদর।