ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলায় আনা একক দেশের পক্ষে সম্ভব নয় : তথ্যমন্ত্রী
Printed Edition
বাসস
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি।
তিনি বলেন, এটি কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়; বরং এ ক্ষেত্রে সব দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
গতকাল রোববার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন তার দফতরে সাক্ষাতে এলে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় উভয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তথ্যমন্ত্রী গত মার্চে তুরস্কে অনুষ্ঠিত ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট’-এ তার অংশগ্রহণের কথা উল্লেখ করে চমৎকার আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। তিনি এই সামিটকে অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তুরস্ক সফরের সময় তুরস্কের প্রেসিডেনসিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক (মন্ত্রী পদমর্যাদা) প্রফেসর বুরহানউদ্দীন দুরানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সাক্ষাৎকালে তুরস্কের রাষ্ট্রদূত সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সাথে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। মন্ত্রী সরকারি পর্যায়ে দুই দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।