১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে : মেজর হাফিজ
Printed Edition
লালমোহন (ভোলা) সংবাদদাতা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, লালমোহন-তজুমদ্দিনসহ সারা দেশে বিএনপি ও ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি বাংলাদেশে একটি জনপ্রিয় দল। ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো। যেখানে নারী-পুরুষ সবাই মিলে মিশে থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশা আল্লাহ।
গতকাল বিকেলে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিডিপি সম্পর্কে তিনি বলেন, নামের শেষে ইসলাম থাকলে সেগুলো ইসলামী দল হয় না, আমাদের দলেও জমিয়তে ওলামায়ে ইসলাম জোটবদ্ধ হয়েছে। হেফাজতে ইসলামীর আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আমি নিজেও দু’বার হজ করেছি। জামায়াতে ইসলামী বা ফুলকপিতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে যেতে হলে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত- এ পাঁচটি স্তম্ভ সঠিকভাবে পালন করতে হবে। আমরা ক্ষমতায় আসলে মসজিদের ইমাম-মুয়াজ্জিনের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভাতা দেয়া হবে।