ময়মনসিংহে শাওন হত্যা : শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে গ্রেফতার ৬

Printed Edition
3rd-1
ময়মনসিংহে শাওন হত্যা : শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে গ্রেফতার ৬

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে আলোচিত শাওন হত্যা মামলায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। শিক্ষার্থীদের ৮ ঘণ্টার আলটিমেটাম ও স্থানীয় সংসদ সদস্যের কঠোর হুঁশিয়ারির মুখে গত শনিবার রাত ১০টা পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত নুরুল্লাহ শাওন ছিলেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার মর্মান্তিক মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস ও পুরো নগরী।

শনিবার দুপুরে কলেজ মাঠে জানাজা শেষে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা রাত ৮টার মধ্যে খুনিদের গ্রেফতারের আলটিমেটাম দেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুলিশ ১০টি পৃথক টিম গঠন করে একযোগে অভিযান শুরু করে। রাত ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন বিশাল বিন, বিপুল বিন, রাজ বিন, হৃদয়, দেবরাজ বিন ও মুন্না বিন। তাদের সবার বাড়ি কোতোয়ালি থানাধীন চর জেলখানা এলাকার বিনপাড়ায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, “আসামিদের শনাক্ত করা হয়েছে। ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।” শনিবার বেলা ২টায় আনন্দ মোহন কলেজ মাঠে শাওনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কয়েক শ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দ্রুত বিচার দাবি করেন তারা। এর আগে শুক্রবার রাতে শাওনের লাশ উদ্ধারের খবরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে আসা কর্মকর্তাদের গাড়ি আটকে টাউন হল মোড়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এমপির কড়া বার্তা : শাওনের জানাজায় অংশ নেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি প্রশাসনের সমালোচনা করে বলেন, “শহরে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে ব্যর্থতার ফলেই এমন ঘটনা ঘটছে। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।”

যেভাবে নিখোঁজ, যেভাবে লাশ উদ্ধার :

গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে শাওন ও তার বন্ধু রিয়াদ ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে যান। ফেরার পথে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন তারা। ধাওয়ার মুখে রিয়াদ প্রাণে রক্ষা পেলেও নিখোঁজ হন শাওন।

দুই দিন পর শুক্রবার রাত ১১টার দিকে জয়নুল আবেদিন উদ্যানসংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শাওনের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চর জাকালিয়া গ্রামে।