শিক্ষকদের উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি মাসুদ সাঈদীর

Printed Edition

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিতে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গত রোববার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স লাউঞ্জে শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, ‘শিক্ষা একটি জাতির অগ্রযাত্রার চালিকাশক্তি, আর এই শক্তির প্রধান স্তম্ভ শিক্ষকরা। তাই নিরাপদ, সহায়ক ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।’

তিনি আরো বলেন, শিক্ষকরা প্রয়োজনীয় সুবিধা ও অনুপ্রেরণা পেলে শিক্ষার্থীদের যোগ্য, নৈতিক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।

মাসুদ সাঈদী জানান, নির্বাচিত হলে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষকদের সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা হবে।’ পাশাপাশি আধুনিক শিক্ষা উপকরণ, প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় কলেজ অধ্যাপক পান্না লাল রায়ের সভাপতিত্বে শিক্ষকরা শিক্ষাব্যবস্থার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।