হাওর সুরক্ষায় ‘হাওর উন্নয়ন ভাবনা’

Printed Edition

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের হাওর, নদী, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ‘হাওর উন্নয়ন ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে এ সভার আয়োজন করা হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এবং এসভিডিএসের নির্বাহী পরিচালক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন এআরইউএন’র প্রতিনিধি শহীদুল ইসলাম রেদুয়ান।

সেমিনারে বক্তারা বলেন, হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নদী-খালের স্বাভাবিক প্রবাহ রক্ষা, জলাভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ড বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুখেন্দু সেন, উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার, সাংবাদিক খলিল রহমান ও পদ্মা এনজিওর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।

এ ছাড়া সেমিনারে পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, বাপা জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে হাওর সুরক্ষায় নিজ নিজ পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেন।