গাংনীতে তাপমাত্রা ১২ ডিগ্রি

Printed Edition

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

মেহেরপুরের গাংনীতে শীত ধীরে ধীরে জেঁকে বসছে। ভোরে ঘন কুয়াশা আর হিমেল বাতাস বেড়ে চলেছে।

উত্তর দিক থেকে ধেয়ে আসা কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভুত হচ্ছে বেশি। ভোর থেকেই ঘন কুয়াশা ঢেকে থাকছে চারদিক। শিশিরে ভিজে যাচ্ছে ফসলের মাঠ ও ঘাস। কয়েক দিন ধরেই সকাল-সন্ধ্যায় তাপমাত্রার তারতম্য বেশি অনুভূত হচ্ছে।

এ সময় গ্রাম-গঞ্জের বিভিন্ন মোড় ও চায়ের দোকানে শীত নিবারণে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষসহ ছোট-বড় সবাইকে।

গতকাল মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সকাল ৯টার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জামিনুর রহমান।