সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ ভুয়া গোয়েন্দা সদস্য আটক
Printed Edition
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সেনাসদস্য পরিচয় দেয়া এক ভুয়া গোয়েন্দাকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাত ২টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে ককটেল ও গুলি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে শহরের তালতলা ঈদগাহ এলাকা থেকে ওই ভুয়া গোয়েন্দাকে আটক করে সেনাবাহিনী।
তার নাম মো: আবু মুসা (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলা রসুলপুর এলাকার রেজাউল সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের মেজর মুশফিক আহমেদ জানান, আবু মুসা মোবাইলে সাতক্ষীরার ছাত্র সমন্বয়ক মো: নাজমুল হোসাইন রনিকে জানান, আলিপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি বাঁশবাগানে ককটেল ও গুলি আছে। বিষয়টি নাজমুল হোসেন রনি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা উপশাখা ডিজিএফআইকে অবগত করেন। পরে সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়দানকারী মো: আবু মুসাকে আটক করা হয়।
তাকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারই দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার পাঁচটি ককটেল, পাঁচটি পিস্তলের গুলি, ৯৩ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আবু মুসা ও উদ্ধারকৃত আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।