সিলেট-৫ আসন জমিয়তকে ছাড়বেন না চাকসু মামুন

Printed Edition

রহমত আলী হেলালী জকিগঞ্জ (সিলেট)

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষে নির্বাচন করার কথা ছিল সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ চাকসু মামুনের। তবে আসন সমঝোতার কারণে এই আসন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মো: উবায়দুল্লাহ ফারুককে ছেড়ে দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বিএনপি মহাসচিব বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। এ সময় তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

সিলেট-৫ আসনে ব্যাপক আলোচনায় ছিলেন মামুনুর রশীদ চাকসু মামুন। গত ৩ নভেম্বর ২৩৭ আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকায় সিলেট-৫ আসনে কারো নাম ঘোষণা করেনি বিএনপি। এরপর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যান এই আসনটিতে প্রার্থী দেয়া হচ্ছে জোটের মাওলানা উবায়দুল্লাহ ফারুককে। তবে বিএনপির চাকসু মামুন বন্ধ রাখেননি তার নির্বাচনী প্রচার-প্রচারণা। বিভিন্ন সভা-সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। বিএনপির স্থানীয় কয়েক নেতাকর্মী জানান, এ আসনে বিএনপির ব্যাপক জনপ্রিয়তা। চাকসু মামুন প্রতিদ্বন্দ্বী করলে উবায়দুল্লা ফারুক পাস করতে পারবেন না। কারণ এ আসনে জমিয়তের ন্যূনতম ভোট ব্যাংক নেই।

দলীয় মনোনয়ন না পেলেও ওই আসন থেকে নির্বাচন করার কথা বারবার জানিয়ে আসছিলেন চাকসু মামুন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী অন্যান্য প্রার্থীরা দলের সিদ্ধান্তের ওপর আস্তা ও ভরসা রেখে নীরব থাকলেও চাকসু মামুন ছিলেন নির্বাচন করতে অনড় ও অবিচল। জনগণ চাইলে মার্কা যা-ই হোক তিনি নির্বাচন করবেন এমন ঘোষণা বারবার দিয়ে আসছিলেন।

গতকাল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে নিজেদের নির্বাচনী জোটের প্রার্থী ঘোষণা করার পরপরই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন বিএনপি নেতা চাকসু মামুন।