পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে আইজিপি করা হয়েছে। তিনি ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
আলী হোসেন ফকির বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলমকে ২০২৪ সালে ২০ নভেম্বর দুই বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। চুক্তি অনুযায়ী তার মেয়াদ আরো প্রায় ৯ মাস বাকি ছিল।
পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, আলী হোসেন ফকির এর আগে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পুলিশ সদর দফতরে এবং স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) দায়িত্ব পালন করেন। এ ছাড়া নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার ছিলেন। তিনি রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) খুলনা-৩, ঢাকা-৫ ও সিলেট-৭-এর অধিনায়ক ছিলেন। বাংলাদেশ পুলিশের হয়ে কসোভো ও আইভরি কোস্ট জাতিসঙ্ঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।
আলী হোসেন ফকিরের জন্ম ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি লাভের পর ১৯৯৫ সালে ১৫তম বিসিএস ক্যাডার হিসেবে সহকারী পুলিশ সুপার পদে যোগ দেন।
বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহবায়ক, খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। এ ছাড়া এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।
আলী হোসেন ফকিরের সহধর্মিণী অধ্যাপক নাসিমা ফেরদৌসী রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
উল্লেখ্য, নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকিরকে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত ও পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান তিনি। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। পরে তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়া হয়।