কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড
ক্ষতিগ্রস্তদের ৯ দিন মানবিক সহায়তা দিলো আনসার ও ভিডিপি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯ দিন ধরে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। গত ২৫ নভেম্বর ভয়াবহ আগুনের পর শিশুসহ কয়েক হাজার নারী-পুরুষ গৃহহীন হয়ে পড়েন। বস্ত্রহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করতে থাকেন তারা। তখন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় আনসার ও ভিডিপি। তারা গুলশান টিঅ্যান্ডটি মাঠে ক্ষতিগ্রস্ত এক হাজার ২০০ শিশুর মধ্যে বিতরণ করেন গুঁড়া দুধ ও শিশুখাদ্য। সবার জন্য শীতবস্ত্র ছাড়াও প্রতিদিন দুই বেলা রান্না করা খাবার সরবরাহ করেছেন।
গতকাল শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের মতো বিপর্যয়ের পর মানুষের মানসিক ও বাস্তবিক ক্ষতি কাটিয়ে উঠতে মানবিক সহায়তা পৌঁছে দেয়া ছিল আমাদের মূল লক্ষ্য। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবের প্রয়াসে আমরা আন্তরিক ছিলাম এবং ভবিষ্যতেও থাকার অঙ্গীকার করছি। অগ্নিকাণ্ডে সহস্রাধিক মানুষ ঘরবাড়ি হারিয়ে চরম দুরবস্থায় পড়ে। বাসস্থানহীনতা, শিশুখাদ্য, শীতবস্ত্র ও খাবারের তীব্র সঙ্কট দেখা দিলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘মানুষ মানুষের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ-এর নির্দেশনায় মানবিক সহায়তা কেন্দ্র চালু করা হয়।
শীতের তীব্রতা বেড়ে গেলে বাহিনী ক্ষতিগ্রস্তদের মধ্যে ৫০০ কম্বল ও ৪০০ জনকে অতিরিক্ত শীতবস্ত্র প্রদান করে। পাশাপাশি ৯ দিন দুপুর ও রাতে দুই হাজার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়, যাতে তারা অন্তত প্রাথমিক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পারে।