ফরিদপুরে ভোটার কমল ২৯ হাজার

Printed Edition

হারুন আনসারী ফরিদপুর

ফরিদপুরে সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদে জেলার মোট ভোটার সংখ্যা কমেছে ২৯ হাজার ১৬৪ জন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিনে বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত হালনাগাদ ভোটার তালিকা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন হালনাগাদ এ ভোটার তালিকা প্রস্তুত করে। চলতি বছরের ২০ জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করা হয়।

সর্বশেষ তালিকা অনুযায়ী জেলার চারটি আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৬৯ হাজার ৭৭৭ জন। এর মধ্যে নারী আট লাখ ৬৭ হাজার ৩৪৯ জন, পুরুষ ৯ লাখ দুই হাজার ৪২০ জন এবং হিজড়া ভোটার সংখ্যা আটজন। এর আগে খসড়া তালিকায় এ সংখ্যা ছিল ১৭ লাখ ৯৮ হাজার ৯৪১ জন। এর মধ্যে নারী আট লাখ ৮৩ হাজার ৩৩০ জন, পুরুষ ৯ লাখ ১৫ হাজার ৬০৩ জন এবং হিজড়া আটজন।

ফরিদপুর-১ আসন : মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ৬৩০ দশমিক ৪৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গঠিত এ আসনে মোট জনসংখ্যা ছয় লাখ ১৯ হাজার ৭৭৮ জন। হালনাগাদ ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১০ হাজার ৩৮০ জন। এর মধ্যে নারী দুই লাখ ৫০ হাজার ৯৩০ জন, পুরুষ দুই লাখ ৫৯ হাজার ৪৪৯ জন এবং হিজড়া একজন। এ আসনে নতুন ভোটার বেড়েছে পাঁচ হাজার ৯১৯ জন।

ফরিদপুর-২ আসন : নগরকান্দা ও সালথা উপজেলার ৩৭৮ দশমিক ৪ বর্গকিলোমিটার আয়তনের এ আসনের মোট জনসংখ্যা চার লাখ ৯ হাজার ১৩৯ জন। এর মধ্যে ভোটার সংখ্যা তিন লাখ ৩২ হাজার ৪১ জন। এতে পুরুষ ভোটার এক লাখ ৭২ হাজার ৯০৯ ও নারী এক লাখ ৬৯ হাজার ১৩২ জন। খসড়া ভোটার তালিকায় এ দু’টি উপজেলায় মোট ভোটার ছিল তিন লাখ ৩৬ হাজার ৯১৬ জন। বর্তমানে ভোটার কমেছে চার হাজার ৮৭৫ জন।

ফরিদপুর-৩ আসন : সদর উপজেলার ৪০৩ দশমিক ৩৪ বর্গকিলোমিটার এলাকার এ আসনে জনসংখ্যা পাঁচ লাখ ৬৭ হাজার ৬২১ জন। হালনাগাদ ভোটার তালিকায় ভোটার সংখ্যা চার লাখ ৩০ হাজার ৬২৭ জন। পুরুষ ভোটার দুই লাখ ১৫ হাজার ৪১২ ও নারী দুই লাখ ১৫ হাজার ২১০ জন। খসড়া তালিকায় ভোটার ছিল চার লাখ ৬৪ হাজার ৮৩৪ জন। আসনটিতে ভোটার কমেছে ৩৪ হাজার ২০৭ জন, যা চারটি আসনের মধ্যে সর্বোচ্চ। এ আসনে হিজড়া ভোটার রয়েছেন পাঁচজন।

ফরিদপুর-৪ আসন : ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার ৬৩১ দশমিক ২৪৯ বর্গকিলোমিটার এলাকার এ আসনে জনসংখ্যা পাঁচ লাখ ৬৬ হাজার ২৭১ জন। হালনাগাদ তালিকায় নতুনভাবে যুক্ত আলগী ও হামিরদীসহ মোট ভোটার চার লাখ ৯৬ হাজার ৭২৯ জন। খসড়া তালিকায় এ আসনে ভোটার সংখ্যা ছিল চার লাখ ৯২ হাজার ৭৩০ জন। হালনাগাদ তালিকায় তিন হাজার ৯৯৯ জন বেড়েছে। এ আসনে হিজড়া ভোটার রয়েছেন একজন। আর মোট ভোটারের মধ্যে পুরুষ দুই লাখ ৩০ হাজার ৯১১ ও নারী দুই লাখ ২০ হাজার ৫২৬ জন।