র‌্যাংকিংয়ে উন্নতি শারমিন আক্তারের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়ে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সফরকারীদের ছুড়ে দেয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯ বল হাতে রেখে তিন উইকেটের জয় নিশ্চিত করে টাইগ্রেসরা। চমৎকার ব্যাটিংয়ে ফিফটিতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শারমিন আক্তার। শ্রীলঙ্কার বিপক্ষে তার এই পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র‌্যাংকিংয়েও। ওয়ানডে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে শারমিনের।

মেয়েদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি গতকাল ঘোষণা করেছে আইসিসি। যেখানে ওয়ানডে ব্যাটার ও বোলারদের তালিকায় অগ্রগতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। ১৩ চারে ৮৬ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন টপ অর্ডার ব্যাটার শারমিন। তাতে র‌্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ২২তম স্থানে আছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সবার উপরে। প্রথম ওয়ানডে জয়ের পথে ৪১ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আট ধাপ উন্নতি করে ৫০তম স্থানে উঠে এসেছেন সোহবানা মোস্তারি। ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে অগ্রগতি হয়েছে নাহিদা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খানের। ৩৮ রানে দুই উইকেট নিয়ে এক ধাপ এগিয়েছেন ১৩ নম্বরে আছেন নাহিদা। এক উইকেট নিয়ে এক ধাপ উন্নতি করে ২০তম লেগ স্পিনার রাবেয়া। তবে বড় লাফ দিয়েছেন পেসার মারুফা। এক উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৩তম স্থানে আছেন তিনি।

মেয়েদের ওয়ানডে ব্যাটারদের মধ্যে আগের মতো শীর্ষে ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের মধ্যে চূড়ায় অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আরেক অস্ট্রেলিয়ান অ্যাশলে গার্ডনার।