রিয়াদে শান্তি আলোচনা
ইয়েমেনে ভেঙে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন
Printed Edition
আলজাজিরা
ইয়েমেনের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণাঞ্চলীয় প্রধান বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেয়া প্রতিনিধিরা গতকাল শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ঘোষণা দেন।
এসটিসির এই সিদ্ধান্ত ইয়েমেনের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। সংগঠনটির কিছু সদস্য রিয়াদে আলোচনায় অংশ নিলেও অন্যরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে সংগঠনটির ভেতরে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে।
আলোচনায় অংশ নেয়া প্রতিনিধিরা জানিয়েছেন, দক্ষিণ ইয়েমেনের সঙ্কট নিরসনে সৌদি আরব যে পদক্ষেপ নিয়েছে তা জনগণের চাহিদা পূরণে সহায়ক। তারা সৌদি নেতৃত্বাধীন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠন ভেঙে দেয়ার ঘোষণা দেন।
তবে সংগঠনের শীর্ষ নেতা আইদারুস আল-জুবাইদি, যিনি সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট, আলোচনায় যোগ না দিয়ে ইয়েমেন ছেড়ে পালিয়ে যান। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, তিনি আমিরাতি কর্মকর্তাদের সহায়তায় দেশ ছাড়েন এবং শেষ পর্যন্ত আবুধাবির একটি সামরিক বিমানবন্দরে পৌঁছান।
এই ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কারণ, এসটিসি দীর্ঘদিন ধরে আমিরাতের সমর্থনপুষ্ট হলেও সাম্প্রতিক সময়ে তাদের অগ্রযাত্রা সৌদি সীমান্তের কাছাকাছি পৌঁছায়, যা রিয়াদকে ক্ষুব্ধ করে।