প্রয়োজনে আইন করে প্রবাসীদের মর্যাদা বাড়াতে হবে : নজরুল ইসলাম খান
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
প্রয়োজনে আইন করে প্রবাসীদের মর্যাদা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, প্রবাস থেকে ফিরে আসা শ্রমজীবীদের কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। আগামীতে রাষ্ট্র মতায় যারা আসবে, তাদেরকে এ দিকে নজর রাখতে হবে। আমি আশা করি, ভবিষ্যতে যারা রাষ্ট্রের দায়িত্বে আসবেন, তারা প্রবাসীদের জন্য নতুন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দল আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা প্রবাসী শ্রমিকদের মুখে অনেক প্রশংসা করি এবং তাদের রেমিট্যান্স যোদ্ধা বলে মর্যাদা দেয়ার চেষ্টা করি। কিন্তু তাদের কল্যাণে তেমন কিছু করি নাই। দেশনেত্রী খালেদা জিয়া তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিলেন। অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো তিনি গড়ে দিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি যে প্রবাসে যারা আছেন এবং যারা ছিলেন, তারা এই অবদান চিরদিন স্মরণ রাখবেন।
প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রচারণা নয়, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনার মাধ্যমে প্রত্যাগত শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণ নিশ্চিত করতে হবে। বিদ্যমান আইন ও ব্যবস্থার আলোকে পরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনে আইন ও বিধি উন্নয়নের প্রস্তাব তৈরি করতে হবে।
প্রবীণ এই নেতা বলেন, শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে গত ৩০ ডিসেম্বর দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকার্ত হয়েছেন। তার জন্য ল কোটি মানুষ কেঁদেছেন এবং ইতিহাসের বৃহত্তম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসে এবং জনগণের জন্য কাজ করলে জনগণ ভালোবাসে। এর প্রমাণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া।
আয়োজক দলের আহ্বায়ক মো: জাকির হোসেন কাজলের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো: আনোয়ার হোসাইন, বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক মো: হুমায়ন কবির খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ।