পাকুন্দিয়ায় মনোনীত প্রার্থীদেরকে নিয়ে সম্প্রীতির ম্যারাথন
Printed Edition
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের অংশগ্রহণে এক সম্প্রীতির ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) পাকুন্দিয়া উপজেলা শাখা গতকাল শুক্রবার সকালে পৌরসদরের বাইপাস সড়কে এ ম্যারাথন দৌড়ের আয়োজন করে।
দৌড় পরিচালনা করেন পাকুন্দিয়া সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক এ কে এম মীর আশরাফুল হক ও ক্রীড়াবিদ শামছুল হক জীবন। শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপি সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মুফতি আবুল বাশার রেদুয়ান, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম রুহানী, এনসিপির প্রার্থী সাঈদ উজ্জ্বলের পক্ষে নিরব আহাম্মদ রুবেল এবং গণ অধিকার পরিষদের প্রার্থী শফিকুল ইসলামের পক্ষে সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের কো-অর্ডিনেটর মো: আক্তারুজ্জামান, পাকুন্দিয়া থানা ওসি এস এম আরিফুর রহমান, পিএফজি পাকুন্দিয়ার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আ ন ম তানভীর হায়দার ভূঁইয়া, হাজী জাফর আলী কলেজের সহকারী অধ্যাপক তরিকুল হাসান শাহীন প্রমুখ।