শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ হতে পারবেন না সাংবাদিক : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
Printed Edition
মেহেরপুর প্রতিনিধি
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা এবং অপসাংবাদিকতা রোধে সরকার দ্রুতই নতুন নীতিমালা তৈরি করতে যাচ্ছে। এই নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ আর সাংবাদিকতায় আসতে পারবেন না। বুধবার দুপুরে মেহেরপুর জেলা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিচারপতি আব্দুল হাকিম বলেন, ‘সাংবাদিকদের অধিকার আদায় নিজেদের সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিক মানেই একজন শ্রমিক, তাই পাওনা বা দাবি-দাওয়া আদায়ের জন্য সাংবাদিকদের অবশ্যই শ্রম আইনের শরণাপন্ন হতে হবে।’ তিনি আরো উল্লেখ করেন যে, দাবি আদায়ের কার্যকর মাধ্যম হিসেবে সাংবাদিকদের জন্য নিবন্ধিত ইউনিয়ন থাকা বাধ্যতামূলক। শক্তিশালী ইউনিয়ন ছাড়া পেশাগত অধিকার রক্ষা করা সম্ভব নয়।
অন্যান্য পেশার সাথে তুলনা করে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, ‘বিশ্বের প্রতিটি স্বীকৃত পেশার নিজস্ব নীতিমালা রয়েছে। চিকিৎসক হতে হলে বিএমডিসির নিবন্ধন লাগে, আইনজীবীদের বার কাউন্সিলের সনদ নিতে হয়। অথচ সাংবাদিকদের ক্ষেত্রে এতদিন কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। বর্তমানে হাতে একটি কলম, ক্যামেরা বা মোবাইল ফোন থাকলেই যে কেউ নিজেকে সাংবাদিক দাবি করছেন। এর ফলে সমাজে অপসাংবাদিকতা বাড়ছে, যা পুরো পেশাকেই কলঙ্কিত করছে।’
তিনি জানান, এই বিশৃঙ্খলা রোধে সরকার কঠোর হচ্ছে। কেবল মেধা ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাসম্পন্নরাই যেন এই মহান পেশায় যুক্ত হতে পারেন, সেই লক্ষ্যেই নীতিমালাটি চূড়ান্ত করা হচ্ছে।
মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) আবদুস সবুর। কর্মশালায় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিপুলসংখ্যক সংবাদকর্মী অংশ নেন।