টানা ৭ দিনের ছুটিতে বেনাপোল বন্দর
Printed Edition
বেনাপোল (যশোর) সংবাদদাতা
শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে টানা সাত দিনের ছুটির কবলে পড়ছে আমদানি-রফতানি কার্যক্রম। গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই দীর্ঘ ছুটির কারণে সীমান্তের দুই পাড়ে পণ্যবাহী ট্রাকজট ও বন্দরে স্থবিরতার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের বাণিজ্য সচল রাখতে ঈদের দিন ব্যতীত ছুটির দিনগুলোতেও সীমিত আকারে কাস্টমস হাউজ খোলা রাখার নির্দেশনা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষও জানিয়েছে, কোনো আমদানিকারক চাইলে পণ্য খালাস নিতে পারবেন। তবে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর নেতাদের মতে, ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে বিধিনিষেধ থাকায় এবং কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে যাওয়ায় কার্যত স্থবিরতা নেমে আসবে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটির আমেজ থাকলেও কাস্টমসের সাথে সমন্বয় করে বন্দর সীমিত আকারে খোলা রাখা হবে। নাশকতারোধে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
দেশের আমদানিকৃত পণ্যের বড় একটি অংশ এই বন্দর দিয়ে আসে। দীর্ঘ ছুটির পর আগামী ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে পুনরায় পুরোদমে শুরু হবে বন্দরের কার্যক্রম। তবে এর মধ্যেই শত শত ট্রাক আটকে পড়ার আশঙ্কায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।