৪ লিটার পেট্রল রাখায় কারাদণ্ড

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

নিজ বাড়িতে মাত্র চার লিটার পেট্রল রাখার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এই ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। গত শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার কুরুনেগালা জেলার কোবেগানে এলাকার ৪৮ বছর বয়সী এক বাসিন্দাকে অবৈধভাবে চার লিটার পেট্রল রাখার অভিযোগে ২১ দিনের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাকে প্রায় এক হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির দাবি, তিনি ওই পেট্রল বিক্রির উদ্দেশ্যে নয়, বরং ঘরোয়া প্রয়োজনে সংরক্ষণ করেছিলেন।

এদিকে পুলিশ আদালতকে জানিয়েছে, জ্বালানি সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালে ওই ব্যক্তিকে চার লিটার পেট্রলসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ১৯৭৯ সালের পেট্রলিয়াম প্রোডাক্টস (রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল অব সাপ্লাইজ) আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়।

অভিযুক্তের আইনজীবী আদালতে যুক্তি দেন, তার মক্কেল পেট্রল বিক্রির জন্য সংরক্ষণ করেননি; বরং ঘাস কাটার মেশিনে ব্যবহারের জন্য রেখেছিলেন। তিনি আরো বলেন, আইন অনুযায়ী যথাযথ কাগজপত্র থাকা নিবন্ধিত যানবাহনের মালিক ‘পেট্রল ব্যবহারকারী’ হিসেবে বিবেচিত হন এবং পেট্রল সংরক্ষণের অধিকার রাখেন। তবে আইনে সংরক্ষণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ না থাকায় এত অল্প পরিমাণ পেট্রল রাখার জন্য মামলা দায়েরের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।