মুক্তিযুদ্ধে শহীদ ৩ বোন স্মরণে শ্রীনগরে চিত্র প্রদর্শনী ও মেলা
Printed Edition
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মহান মুক্তিযুদ্ধে শহীদ তিন বোন স্মরণে মুন্সীগঞ্জের শ্রীনগরে তিন দিনব্যাপী চলছে বিশেষ স্মৃতি চিত্র প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলা। এ উপলক্ষে গতকাল সোমবার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিশেষ এ স্মৃতি চিত্র প্রদর্শনী রোববার থেকে শুরু হয়েছে, যা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
শ্রীনগর উপজেলার বালাশুরে অবস্থিত বিক্রমপুর যাদুঘরের মুক্তিযোদ্ধা গ্যালারিতে তৃতীয় তলায় স্বপ্ন ৭১ ও মুক্ত আসরের আয়োজনে আগের দিন রোববার মুক্তিযুদ্ধের এ বিশেষ স্মৃতি চিত্র প্রদর্শনী ‘ত্রিবেণী’ উদ্বোধন করা হয়। যেখানে ইতিহাস, ত্যাগ আর নারী সাহসিকতার স্মৃতির সস্মিলনের শিল্পকর্ম তুলে ধরা হয়। এ ছাড়া এদিন জনস্বাস্থ্য মেলায় স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে স্বাস্থ্য ও জনসচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তা হিসেবে উপস্থিত থেকে বিশেষ স্মৃতি চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ আসমা, নাজমা ও ফাতেমার ভাই অর্ন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য সংস্কারবিষয়ক কমিশনের সদস্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পশ্চিম এশিয়ার সাবেক উপদেষ্টা ডা: মোজাহেরুল হক।
যুদ্ধকালীন শহীদ তিন বোনের স্মৃতিচারণ করে এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় এটি একটি অনন্য ঘটনা, আমার জন্য এ ঘটনা আজো অত্যন্ত কষ্টের।
উল্লেখ্য,মহান মুক্তিযুদ্ধে শহীদ হন আসমা, নাজমা ও ফাতেমা বেগম।’ ৭১এর যুদ্ধকালীন চট্টগ্রাম রেলওয়ে বিভাগে পিতা মরহুম শামসুল হকের চাকরির কারণে পরিবারের সবাই অবস্থান করছিলেন সেখানে। চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামের খাসিয়াপাড়ায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়েও সেদিন পাক হানাদার বাহিনীর নিক্ষেপ করা এক মর্টার শেলের বিস্ফোরণে নিমিষেই একসাথে প্রাণ হারান এই তিন বোন। মুহূর্তেই ভেঙে যায় শহীদ এই তিন বোনের লালিত স্বপ্নগুলো। একপর্যায়ে সেখানেই মসজিদের পাশেই একই কবরে দাফন করা হয় তাদের।