মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৬

Printed Edition

এএফপি

মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় দেশটির পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১৯ জন। বুধবার মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্যের পোনন্যাগুন শহরের ইয়োয়েঙ্গু গ্রামে বিমান হামলায় নারী ও শিশুসহ ১৭ বেসামরিক নাগরিক নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছেন। জান্তার হামলার শিকার ওই গ্রাম আরাকান রাজ্যের রাজধানী সিত্তে থেকে প্রায় ৩৩ কিলোমিটার (২১ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। ২০২৪ সালের মার্চে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত রাখাইনের খ্রিষ্টানদের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি শহরটির দখল নেয়।