আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া
Printed Edition
কায়রো (মিসর) প্রতিনিধি
মিসরের ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশী-বিদেশী শিক্ষার্থীবৃন্দ, হল-কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক মিশন সিটি তথা হলের প্রধান ড. ইসাম ইসমাইল কাজী এই গায়েবানা জানাজায় শরিক হন।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শরিফ ওসমান হাদির আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশী ছাত্রদের আয়োজনে জানাজা শেষে এক হৃদয়বিদারক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সবাই কায়মনোবাক্যে শহীদ শরিফ ওসমান হাদি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়া শুরুর আগে বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। তারা জুলাই অভ্যুত্থানে তার অসামান্য অবদান এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে একজন অকুতোভয় বীর সৈনিক হিসেবে তার স্মৃতিচারণ করেন।