ইউজিসিকে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের পরামর্শ শিক্ষামন্ত্রীর
Printed Edition
দেশের বিশ্ববিদ্যালয়গুলো কার্যক্রম শুধু তদারকির পর্যায়ে সীমিত না রেখে স্ব-উদ্যোগে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করে উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য ইউজিসিকে পরামর্শ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেই সাথে বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা উপযোগী মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষতা ও চাহিদা ভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রবর্তনের পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল ইউজিসি ভবনে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, স্বাগত বক্তব্য দেন সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। অনুষ্ঠানে প্রফেসর ড. মাছুমা হাবিব ইউজিসির প্রতিষ্ঠা, কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো: সাইদুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং সচিব ড. মো: ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউজিসির বিভাগীয় প্রধানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের পরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো: মহিবুল আহসান সভা সঞ্চালনা করেন। বিজ্ঞপ্তি।