চিরিরবন্দরে সার পাচারকালে ৮৩ বস্তা আটক, দুই ব্যবসায়ীকে জরিমানা
Printed Edition
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই সার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী বাজারের সার ব্যবসায়ী মাহমুদুল হক (৪২) ও জাহাঙ্গীর আলম ৭টি ভ্যানে করে ৮৩ বস্তা সার দিনাজপুর কোতোয়ালি সদর থানার উদ্দেশে পাচারের সময় স্থানীয় জনতা ভ্যানসহ সার আটক করে এবং সার পাচারের প্রতিবাদে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা ও থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যবসায়ীকে হেফাজতে নেন। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাহমুদুল হককে ৫০ হাজার টাকা ও জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর উত্তেজিত জনতাকে শান্ত করে প্রায় তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মহাসড়কের অবরোধ তুলে দেয়া হয়।
উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা জানান, উপজেলায় ২০ জন বিসিআইসি সার ডিলারের বাইরে ২০০৮ সালে ২৭ জন খুচরা বিক্রেতাকে সার বিক্রির অনুমতি দেয়া হয়েছিল। আটককৃত দুই ব্যবসায়ী তালিকা বহির্ভূত। পুরো উপজেলায় তালিকা বহির্ভূত খুচরা সার ব্যবসায়ীর কোনো জরিপ বা তালিকা অফিসে নেই বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, জব্দকৃত সার স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসকের জিম্মায় রাখা হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়ন প্রশাসক ও কৃষি অফিসের সহায়তায় সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে এসব সার বিক্রির পরিকল্পনা রয়েছে।