লন্ডনে ফিরে গেলেন : জুবাইদা রহমান

Printed Edition
back 3
তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান গতকাল লন্ডনে ফিরে যান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডন ফিরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমান।

গতকাল সকাল সাড়ে ৮টায় একটি নিয়মিত বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভাবী (ডা: জুবাইদা) লন্ডন ফিরে গেছেন। ইনশা আল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরবেন।’

এর আগে গত ৫ ডিসেম্বর আসেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে দেশে আসেন ডা: জুবাইদা রহমান। বিএনপির চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য ডা: জুবাইদা রহমান সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা কাজ তদারকি করেছেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।

গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেয়া হয়।

গত বুধবার মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এক মাসের মধ্যে বেশি স্থিতিশীল অবস্থায় আছেন। মেডিক্যাল বোর্ড আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

এ রকম সংবাদের পরদিন ১৭ বছরের সংসার গুছিয়ে দেশে ফিরতে লন্ডন গেলেন ডা: জুবাইদা রহমান।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডন পাড়ি জমিয়েছিলেন তিনি।