নির্বাচক পদে আবেদন নান্নুর-দোটানায় বাশার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে ফের দেখা যেতে পারে মিনহাজুল আবেদীন নান্নুকে। প্রায় আট বছর দায়িত্ব পালনের পর সরে দাঁড়ালেও নতুন করে নির্বাচক পদের জন্য আবেদন করার বিষয়টি এখন ভাবছেন তিনি। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন নান্নু। তারপর ২০২৪ সালের মার্চে দুই বছরের জন্য দায়িত্ব নেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি রাািজ না থাকায় নতুন প্রধান নির্বাচক খুঁজতে হচ্ছে বিসিবিকে।

নিজের সম্ভাব্য আবেদন নিয়ে নান্নু বলেন, ‘অভিজ্ঞতা যদি বড় মানদণ্ড হয়, তাহলে আমার অভিজ্ঞতা আছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, যদিও বিষয়টি ভাবছি।’

প্রধান নির্বাচক হওয়ার সম্ভাব্য প্রার্থীদের একজন হিসেবে আলোচনায় থাকা সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এখনো আবেদন করেননি। তবে শিগগিরই তিনি আবেদন করবেন বলে জানা গেছে। কিছুটা দোটনায় আছেন বাশার।

নির্বাচক হওয়ার দৌড়ে সাবেক ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকটি নাম আলোচনায় রয়েছে। জানা গেছে, মোহাম্মদ রফিক, নাঈম ইসলাম, তুষার ইমরান, নাদিফ চৌধুরী, জাভেদ ওমর বেলিম ও ইলিয়াস সানি আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।