আবহসঙ্গীত ‘মহাজাদু’
আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে তারেক রহমানের সফরের ভিডিও
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরের উল্লেখযোগ্য কিছু মুহূর্ত নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতর। দুই মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিওটির আবহসঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় ‘মহাজাদু’ গানটি, যা গেয়েছেন হাবিব ওয়াহিদ এবং মেহেরনিগারি রুস্তম।
গত সোমবার সকাল ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটিতে দুই দেশের সরকারপ্রধানের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠক, আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় কার্যক্রমের দৃশ্য তুলে ধরা হয়েছে।
ভিডিওর একটি বিশেষ অংশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় তিনি রোহিঙ্গা সঙ্কট সমাধানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আনোয়ার ইব্রাহিমের এই গুরুত্বপূর্ণ বক্তব্যের পটভূমিতেই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজতে থাকে ‘মহাজাদু’ গানটি।
কোক স্টুডিও বাংলার তথ্যানুযায়ী, ‘মহাজাদু’ গানটি মূলত বাংলার বাউল ঐতিহ্য ও ফারসি কবিতার এক অপূর্ব মিশেলে তৈরি। বাউল সাধক দুরবীন শাহের শিষ্য গীতিকবি খোয়াজ মিয়ার কথায় এবং হাবিব ও মেহেরনিগারির কণ্ঠে গানটি প্রেম ও অনুভূতির এক অনন্য প্রকাশ হিসেবে বিশ্বমঞ্চে সমাদৃত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতরের এমন ব্যতিক্রমী উদ্যোগ দুই দেশের সাংস্কৃতিক ও কূটনৈতিক মেলবন্ধনকে আরো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশের নতুন সরকার গঠনের চার মাসের মাথায় প্রথম রাষ্ট্রীয় সফরে গত রোববার মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের এই ফলপ্রসূ সফর শেষে গত সোমবার তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন।