সবজিতে বাজার ভরপুর হলেও দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতা

Printed Edition

এম মাঈন উদ্দিন মিরসরাই (চট্টগ্রাম)

শীতের মৌসুম শুরু হলেও চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাজারগুলোতে শীতকালীন সবজির দাম কমেনি। উল্টো বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও অধিকাংশ সবজি এখনও চড়া দামে বিক্রি হচ্ছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

শুক্রবার বড়তাকিয়া, মিরসরাই পৌর সদর ও মিঠাছড়া বাজার ঘুরে দেখা গেছে, ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। বেশির ভাগ সবজি ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, শিম ৮০ টাকা, বরবটি ৭০ টাকা, করলা ৯০ টাকা, ধুন্দল ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙা ৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, পেঁপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা এবং শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের নতুন ফুলকা কেজিতে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির এমন দামে ক্ষুব্ধ ক্রেতারা অভিযোগ করছেন বাজার মনিটরিংয়ের অভাবের কথা। বড়তাকিয়া বাজারে আসা বেসরকারি চাকরিজীবী নুরুল ইসলাম টিটু বলেন, শীতকাল মানেই সবজির দাম কম থাকার কথা, কিন্তু এখনো ৭০-৮০ টাকার নিচে কিছু নেই। মিরসরাই সদরের ক্রেতা মুসলিম উদ্দিন জানান, অভিযান হলে সাময়িক দাম কমে, পরে আবার বেড়ে যায়। আরেক ক্রেতা সাইফুল হক বলেন, মাছ-গোশত বাদ দিয়ে সবজি খেতেও এখন হিমশিম খেতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই সবজি বেশি দামে কিনতে হচ্ছে। মিঠাছড়া বাজারের বিক্রেতা নিজাম উদ্দিন জানান, দাম বেশি হওয়ায় বিক্রি কমে গেছে। বড়তাকিয়া বাজারের জানে আলম জানু বলেন, নতুন শীতকালীন সবজি উঠলে দাম স্বাভাবিক হবে।