দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ২
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের ছিনতাই হওয়া দু’টি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার রাতে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই কর্মকর্তার মোবাইল ফোন, নগদ টাকা ও ঘড়ি ছিনিয়ে নিয়েছিল দুর্বৃত্তরা। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া ফোন দু’টি উদ্ধার করে। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুই ছিনতাইকারীর নাম শাহজাদা ও রুবেল ওরফে বক্সার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো: মোতাহার হোসেনের ছিনতাই হওয়া আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন দু’টি উদ্ধার করা হয়েছে।
এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো: মোতাহার হোসেন। এ সময় একদল ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে মারধর শুরু করে তার দু’টি আইফোন, নগদ ১৫ হাজার টাকা ও একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে ল্য করে আঘাত করে। এতে তিনি ঘাড় ও চোখে মারাত্মক জখম হন। বর্তমানে ওই দুদক কর্মকর্তা সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে।