নি ত্যো প ন্যা স
ঘটন-অঘটন সুন্দরবন
Printed Edition
প্রিন্স আশরাফ
একশ’ পঁয়তাল্লিশ.
লোকটা বন্দুক ধরে থাকলেও তা যেন শিকারের জন্য নয়, আত্মরক্ষার জন্য। চোখেমুখেও তেমন কোনো কাঠিন্য নেই। দক্ষিণাঞ্চলের আদি অকৃত্রিম টানে মাঝিকে উপেক্ষা করে নাভিদের দিকে তাকিয়ে বলল, ‘আপনারা এই জঙ্গলে কনতে এয়িচেন? হ্যানে তো কেউ বেড়াপার আসতি পারে না।’
নাভিদও নরম স্বরে বলল, ‘আমরা বেড়াতে আসিনি। একটা কাজে বেরিয়েছি। ভয় পাবেন না। আপনার কোনো ক্ষতি করব না। রাতে পথ হারিয়ে এদিকে চলে এসেছি। আপনার নৌকা দেখে ভাবলাম যদি পথের কোনো সন্ধান পাই।’
লোকটার কণ্ঠের কোমলতার সাথে সাথে হাত শীতল হয়ে এলো। ডান হাতে হেলাফেলায় ভারী বন্দুকটা ঝুলিয়ে নিয়ে মাঝির দিকে ভর্ৎসনার চোখে তাকাল। যেন চোখেই বলতে চাচ্ছে, তুই কেমন মাঝির পো! সাহেবদের নিয়ে জঙ্গলে হারিয়ে ফেলেছিস। তোর তো মাঝিগিরি না করে পরের ক্ষেতে জোন খাটা উচিত! ‘কোন মাঝির লাও গো এইডা? ও মাঝি, নাম কি তুমার? কার ছাওয়াল?’ (চলবে)